মহেশখালীর মাতারবাড়ী সড়ক দুই মাস পর চালু
দুই মাস পর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলি সড়ক গতকাল শুক্রবার সকাল থেকে চালু হয়েছে। সম্প্রতি ভারী বর্ষণে এ সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে দুই মাস ধরে যান চলাচল বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক চালু করার কোনো ব্যবস্থা নেয়নি। পরে এলাকাবাসী ওই সড়কটি চালু করে। এতে স্থানীয় লোকজনের পাশাপাশি ঈদে ঘরে ফেরা যাত্রীরা ওই সড়ক দিয়ে সরাসরি গাড়ি নিয়ে যাতায়াত করছে। জানা গেছে, দুই মাস আগে ভারী বৃষ্টিতে মাতারবাড়ী-চালিয়াতলির এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে স্থানীয় জনগণ ভোগান্তিতে পড়ে। সড়ক চালু করার জন্য স্থানীয় প্রকৌশল অফিস কোনো উদ্যোগ নেয়নি।এদিকে জনগণের ভোগান্তি দেখে সড়ক সংস্কারের উদ্যোগ নেন মাতারবাড়ি অটো রিক্সা, জীপ, মাইক্রো মালিক সমবায় সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে সমিতির পক্ষ থেকে প্রায় দুই লাখ ২০ হাজার টাকা ব্যয় করে সড়ক চালু করা হয়েছে।