মহেশখালীর শাপলাপুর ইউপি নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নয়টি ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর চতুর্থ দফা শাপলাপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে চেয়ারম্যান পদে আট, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ ও সাধারণ ইউপি সদস্য পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগেও ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি, ২১ জুন ও চলতি বছরের ২৯ মে তৃতীয় দফা তফসিল ঘোষণা করলেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ৬ বছর পর এই এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে নয়টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথ রয়েছে। এসব ভোটকেন্দ্রে নয়জন প্রিসাইডিং, ৪৫ জন সহকারী প্রিসাইডিং ও ৯০ জন পোলিং দায়িত্ব পালন করবেন। আর ওই এলাকার মোট ভোটার ১৭ হাজার ৪১৫। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৭৩০ ও নারী ভোটার রয়েছেন আট হাজার ৬৮৫ জন।
ইউপি নির্বাচন সমন্বয়কারী ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, প্রতি ভোটকেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্য মিলে ৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনীয় এলাকায় র্যা ব, কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা টহল দেবেন।