মহেশখালীর সাতটি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ
কক্সবাজারের মহেশখালী উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে তিনটি ভবনে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সাতটি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়গুলো হলো নতুনবাজার, শাকের মোহাম্মদ কাটা, কেরুনতলী, শরইতলা, মাতারবাড়ি নয়াপাড়া, হোয়ানক ও আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে শরইতলা, কেরুনতলী ও নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ভবনে নিয়মিত পাঠদানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।সরেজমিনে দেখা যায়, ১৯৯৫ সালে স্থাপিত কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা গিয়েছে। এ কারণে ওই ভবনে এক মাস ধরে পাঠদান বন্ধ রয়েছে। আরেকটি ভবনে শ্রেণী কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা এড়াতে এক মাস ধরে ওই ভবনে পাঠদানের কার্যক্রম বন্ধ করে অন্যত্র পাঠদান চলছে।একই অবস্থা শরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এই বিদ্যালয়ের ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। আর প্রায় সময়ই ওই বিদ্যালয়ে জোয়ারের পানি ওঠে। এ কারণে ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষ এক বছর আগে থেকে ওই ভবনে পাঠদান বন্ধ করে দিয়েছে। পাশের একটি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ওই বিদ্যালয়ের পাঠদান চলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন বলেন, বিদ্যালয়ের ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহতাব উদ্দিন বলেন, ওই সাতটি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিত্যক্ত ঘোষণা করার বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।