মহেশখালীর ১৩ সড়কে ভাঙন, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ভেঙে যাওয়া ১৩টি সড়ক নিয়ে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। গত পাঁচ দিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে পাঁচ দিন ধরে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টিতে উপজেলার কুতুবজোম, মাতারবাড়ি, কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নের ১৩টি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এতে সড়কগুলোতে গাড়ি পাল্টিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।
কালারমারছড়ার চালিয়াতলী এলাকার বাসিন্দা হাসান নুরী বলেন, ভারী বৃষ্টিতে চালিয়াতলী এলাকায় সড়কের বেশ কয়েকটি স্থানে ভেঙে যাওয়ায় শনিবার থেকে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
গোরকঘাটা বাজারের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, সরাসরি যান চলাচল বন্ধ থাকায় তাঁরা পণ্য আনতে পারছেন না। দোকানে নতুন করে পণ্য তুলতে না পারায় বেচা-বিক্রি আগের চেয়ে অনেক কমে গেছে।
মহেশখালী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, ভারী বৃষ্টিতে বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কের বেশ ক্ষতি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আপাতত গাড়ি চলাচল করার জন্য ভাঙা সড়কগুলো কয়েক দিনের মধ্যে সংস্কার করা হবে।