মহেশখালীর ১৫ স্থানে অবাধে চলছে শামুক-ঝিনুক সংগ্রহ
কক্সবাজারের মহেশখালী উপকূলের ১৫টি স্থানে পরিবেশ আইন অমান্য করে দীর্ঘদিন থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করছে স্থানীয় লোকজন। ১৯৯৫ সালে মহেশখালীর উপকূলীয় সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকাকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। এতে প্যারাবন নিধন, পাখি শিকার, শামুক-ঝিনুক উত্তোলন, ক্ষতিকারক কারেন্ট জাল, কাছিম ও কাছিমের ডিম ধরা নিষিদ্ধ করা হয়। পরিবেশ অধিদপ্তরের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোকজন এই সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকা সোনাদিয়া, মগচর, বহদ্দারখাল, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, ছোট মহেশখালী জালিয়াপাড়া, ধলঘাট ও মাতারবাড়ির পশ্চিমে চর এলাকার ১৫টি স্থান থেকে স্থানীয় লোকজন পরিবেশ আইন অমান্য করে অবাধে শামুক-ঝিনুক সংগ্রহ করছে। প্রতিদিন জোয়ারের পানি নেমে যাওয়ার পর চর এলাকায় আটকে পড়া এসব শামুক-ঝিনুক সংগ্রহ করার পর বস্তায় ভর্তি করে বাইরে বিক্রি করছে। পরিবেশ অধিদপ্তর সর্বশেষ গত বছর ২৭ সেপ্টেম্বর উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে সাড়ে ৩০০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করে। অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও অল্প কয়েক দিনের মধ্যে আবার শামুক-ঝিনুক উত্তোলনের হিড়িক পড়ে যায়। অধিদপ্তরের পক্ষ থেকে এরপর আর কোনো অভিযান হয়নি।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, উপকূলীয় এলাকা মাতারবাড়ির পশ্চিমে চর এলাকা, ধলঘাটার সরইতলা, সুতরিয়া, সোনাদিয়া দ্বীপের পশ্চিম ও পূর্ব সমুদ্রসৈকত এবং মগচর এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুরা শামুক-ঝিনুক উত্তোলন করছে। পরে সেগুলো বস্তায় ভরে বাইরে বিক্রি করছে। মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও রমিজ উদ্দিন জানান, স্থানীয় ব্যবসায়ীরা মাতারবাড়ির পশ্চিমে চর এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে শামুক-ঝিনুক আহরণ করেন। উপজেলার বড় মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়া এলাকায় সেগুলো নিয়ে চুন তৈরি করছে। সোনাদিয়ার পশ্চিমপাড়ার বাসিন্দা নুর আহমদ ও গিয়াস উদ্দিন বলেন, ‘জাল কিনে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করার মতো সামর্থ্য নেই। তাই সমুদ্রের চর এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে সংসার চালাচ্ছি।’ তারা জানান, প্রতি বস্তা ১২০ থেকে ১৭০ টাকা করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।সোনাদিয়ার পশ্চিম পাড়ার গ্রাম সংরক্ষণ নামে একটি সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন বলেন, এ এলাকার অন্তত দুই শতাধিক লোক প্রতিদিন সোনাদিয়া দ্বীপের চর এলাকা থেকে অবাধে শামুক-ঝিনুক সংগ্রহ করছে। এদের বাঁধা দিলেও কাজ হচ্ছে না। স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বৃষ্টি কমে যাওয়ার পর থেকে চর এলাকায় আটকে পড়া শামুক-ঝিনুক সংগ্রহের হিড়িক পড়েছে। এ কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ কাজে জড়িত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়েও কোনো কাজ হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের নিয়োজিত এনজিও সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের মহেশখালীর সমন্বয়কারী আবদুল কায়ুুম বলেন, শামুক-ঝিনুক সংগ্রহকারী নারী ও পুরুষের পেশা পরিবর্তনের জন্য গত বছর পরিবেশ অধিপ্তরের পক্ষ থেকে প্রায় দেড় শ জনকে সাত লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়। এর পরও উপকূলীয় এলাকার ১৫টি স্থানে শামুক-ঝিনুক সংগ্রহ বন্ধ করা যাচ্ছে না।অবাধে শামুক-ঝিনুক সংগ্রহের কথা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, উপকূল থেকে এসব শামুক-ঝিনুক সংগ্রহ করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই এসব বন্ধে উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, শামুক-ঝিনুক সংগ্রহ করার ফলে সৈকত এলাকার বালুগুলো আস্তে আস্তে সরে যায়। শামুক-ঝিনুক বালু ধরে রাখতে ও সৈকত এলাকার মাটি শক্ত করে রাখতে সাহায্য করে। এ ছাড়া নতুন চর জাগতেও সাহায্য করে এসব শামুক-ঝিনুক।