মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এঁদের মধ্যে তিনজনকে গতকাল বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা তিনজন হলেন ওসমান গনি, জিন্নাত আলী ও নুরুল ইসলাম। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা মহেশখালী পৌর এলাকার গোরকঘাটা সিকদারপাড়ার নিজ বাড়ি থেকে ওসমান গনিকে গ্রেপ্তার করেন। বিকেল চারটার দিকে গোরকঘাটা বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জিন্নাত আলী ও নুরুল ইসলামকে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বেলা তিনটার দিকে মহেশখালীর ১৬ জনকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনাল-২-এর পরোয়ানা থানায় পৌঁছায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২।
পরোয়ানা জারি হওয়া ওই ১৬ জনের নাম বলতে রাজি হননি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। তবে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রথমে কক্সবাজারের তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। পরে ওই মামলা তদন্তের সূত্র ধরে মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে ৭৫ জনের জড়িত থাকার তথ্য মেলে। ৭৫ জনের মধ্যে ৩২-৩৩ জন মারা গেছেন। অন্যদের নাম-পরিচয় বের করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ জন্য ওই ১৬ জনকে গ্রেপ্তারের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষ জানায়, একই মামলার সূত্র ধরে এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বিএনপির নেতা মো. রশিদ, সালামত উল্লাহ খান ও মো. জাকারিয়া। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে গত ১ মার্চ রশিদ ও সালামতকে গ্রেপ্তার করে পুলিশ। জাকারিয়া পলাতক।