মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে ২৩ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে আগামী ২৩ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এই আদেশ দেন।

এদিকে ট্রাইব্যুনাল গতকাল মহেশখালীর রমিজ হাসান নামের আরেকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ৮ অক্টোবর মহেশখালীর ওই ১৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়।

গতকাল ওই প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল। মহেশখালীর ১৯ জনের মধ্যে সালামত উল্লাহ খানসহ চারজনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল পরে প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য তাঁরা ৬০ দিন সময় চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। ট্রাইব্যুনাল ৪৫ দিন সময় দিয়েছেন। এই ১৯ জনের বিরুদ্ধে ২৩ নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল।

মহেশখালীর এই ১৯ জন হলেন বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ রশিদ মিয়া, কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও এলডিপি নেতা সালামত উল্লাহ খান, জাকারিয়া সিকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মমতাজ আহম্মদ, হাবিবুর রহমান, আমজাদ আলী, অলি আহমদ, মো. জালাল উদ্দিন, ওসমান গনি, আবদুল শুক্কুর, সামসুদ্দোহা, মো. জাকারিয়া, নূরুল ইসলাম, আবদুল মজিদ, বাদশা মিয়া, মো. জিন্নাহ, আবদুল আজিজ ও জালাল। এঁদের মধ্যে সালামত উল্লাহ, নুরুল ইসলাম, বাদশা মিয়া, ওসমান গনি ও মো. জিন্নাহ কারাগারে রয়েছেন। জামিনে আছেন মোহাম্মদ রশিদ মিয়া। বাকিরা পলাতক।

এই ১৯ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের ১৩টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৯৪ জনকে হত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা হলেন নুরুল ইসলাম।