মহেশখালীর ৩২ স্থানে তৈরি হচ্ছে মাদক!
কক্সবাজারের মহেশখালী উপজেলার অন্তত ৩২টি স্থানে তৈরি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক। সন্ধ্যার পর সেখানে বেড়ে যায় মাদকসেবীদের আনাগোনা। এসব স্থানে হাত বাড়ালেই মাদক মেলে। মাদক-স্পটগুলো উচ্ছেদ না হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে এবং কিশোর ও যুবসমাজ হুমকির মুখে পড়েছে বলে মনে করছে এলাকাবাসী।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পৌর এলাকার হিন্দুপাড়া, চরপাড়া, ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা, শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা, কালারমারছড়া ইউনিয়নের পাহাড়, মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট, সিকদারপাড়া, লাইল্যা ঘোনা, তিতামাঝির পাড়া, মিয়াজির পাড়া, মগডেইল, ষাইটপাড়া, বড় মহেশখালী, হোয়ানক ও কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক তৈরি হচ্ছে। এ ছাড়া এসব স্থানে চোরাই পথে আসা হেরোইন, গাঁজা ও ফেনসিডিল বেচাকেনা হলেও প্রশাসন তা বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহেশখালী পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়া ও ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে ১১টি স্পটে মাদক তৈরি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা বন্ধ করার দাবি জানালেও প্রশাসন তা বন্ধ করার ব্যাপারে উদ্যোগী হচ্ছে না। পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়ার বাসিন্দা স্বপন কান্তি দে, দুলাল দে ও কালি চরণ দে বলেন, সন্ধ্যার পর মাদকসেবীদের কারণে হিন্দুপাড়ার রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এলাকা মাদকমুক্ত করার জন্য ইতিমধ্যে তিনি নিজে এলাকার লোকজন নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫টি মাদক তৈরির কারখানা উচ্ছেদ করেছেন। পরে কিছুদিন তা বন্ধ থাকলেও আবার বিচ্ছিন্নভাবে ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, বেশ কয়েকবার মাদক স্পটে অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয় এবং মাদকবিক্রেতাদের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু কিছুদিন বন্ধ রাখলেও পরে ব্যবসায়ীরা আবারও সক্রিয় হন। তিনি বলেন, তাঁরা এলাকায় মাদক ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, গত তিন মাসে তিনি নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কমপক্ষে ৫০ জন মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠিয়েছেন। এর পরও এলাকায় মাদক ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না। তবে প্রশাসন মাদকচক্রের তৎপরতা বন্ধে সাধ্যমতো চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।