কক্সবাজারের মহেশখালী উপজেলায় ৩৫ জনের হজযাত্রা বাতিল করা হয়েছে। পুলিশ প্রতিবেদনে এসব ব্যক্তির বিরুদ্ধে ‘দেশে ফিরে আসবে না’ বলে মন্তব্য থাকায় তাঁদের হজযাত্রা বাতিল করে ধর্ম মন্ত্রণালয়। মহেশখালী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এই উপজেলা থেকে ৪২ ব্যক্তি আবেদন করেন। এ জন্য তাঁরা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রায় দুই লাখ ৫৯ হাজার টাকা করে জমা দেন। কিন্তু পুলিশ প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে দেশে ফিরে না আসার মন্তব্য থাকায় ধর্ম মন্ত্রণালয়ের হজ কর্মকর্তা মোহাম্মদ বজলুল হক বিশ্বাস ৩ অক্টোবর ৩৫ জনের হজযাত্রা বাতিল করেন। এ খবর পেয়ে তাঁরা পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ সুপারের কাছে আবেদনটি পাঠান। পরে তদন্ত করে পুলিশ প্রতিবেদনে আবার আপত্তির কথা বলা হয়। মহেশখালী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর কাসেম বলেন, ঢালাওভাবে পুলিশ প্রতিবেদনে আপত্তিকর মন্তব্য করায় হজ অফিস ৩৫ জনের হজযাত্রা বাতিল করে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সরেজমিনে তদন্তকালে এসব লোক দেশে ফিরে আসবেন না বলে সন্দেহ দেখা দেওয়ায় পুলিশ তাঁদের বিরুদ্ধে আপত্তি জানায়।