মহেশখালীর ৪৮ কিলোমিটার সড়কের করুণ অবস্থা
কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনটি সড়কের ৪৮ কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে একটি সড়কে যানবাহন চলাচল এক মাস ধরে বন্ধ রয়েছে। গত ৪ আগস্ট থেকে একটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কজুড়ে বড় বড় গর্ত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার দুই লক্ষাধিক মানুষ যাতায়াত করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন উপজেলার গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজারের ২৫ কিলোমিটার এবং মাতারবাড়ী সড়কের চার কিলোমিটারের বিভিন্ন স্থান ভেঙে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। শাপলাপুর সড়কের ছয়টি কালভার্ট ঝুঁকিপূর্ণ হলেও তা দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এতে ওই কালভার্টের ওপর দিয়ে স্থানীয় জনগণ জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করে আসছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন গোরকঘাটা-জনতাবাজার সড়কের প্রায় ১৯ কিলোমিটারের অবস্থা আরও খারাপ।গত রোববার সরেজমিনে দেখা গেছে, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়াসংলগ্ন এলাকায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই গর্তের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। একই অবস্থা গোরকঘাটা-জনতাবাজার সড়কের।উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া, হোয়ানক ইউনিয়নের পানির ছড়া, ধলঘাটপাড়া, কালালিয়াকাটা, নয়াপাড়া, কেরুনতলী ও মোহরাকাটা এবং কালারমার ছড়া ইউনিয়নের আধারঘোনা, নুনাছড়ি ও ইউনুছখালী ফকিরজোমপাড়া এলাকা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।মাতারবাড়ী-জনতাবাজার সড়কের মাতারবাড়ি সেতুসংলগ্ন পূর্ব পাশের সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এ সড়কের ওপর দিয়ে সরাসরি যান চলাচল এক মাস ধরে বন্ধ রয়েছে।স্থানীয় মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে জানান, এটি সড়ক নয়, যেন মরণফাঁদ। ঈদের পরদিন থেকে গত সোমবার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছে।মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, ভেঙে যাওয়া সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হলেও কোনো কাজ হয়নি।শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়ার বাসিন্দা আবুল কালাম ও মেহেদী হাসান জানান, বারিয়াপাড়াসংলগ্ন সড়ক ভেঙে গিয়ে সাগরে বিলীন হয়ে যাওয়ায় ওই স্থান দিয়ে সরাসরি গাড়ি নিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। এ কারণে এলাকার লোকজন যাতায়াত করতে গিয়ে নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার তিনটি সড়কের বিভিন্ন স্থান ভেঙে গিয়ে খানাখন্দ সৃষ্টি হওয়ায় এ পথগুলো দিয়ে স্থানীয় লোকজনের যাতায়াত করতে কষ্ট হচ্ছে।সড়ক যোগাযোগ বন্ধ থাকার কথা স্বীকার করে মহেশখালী উপজেলার উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, এলজিইডির অধীন দুটি সড়কের ২৯ কিলোমিটার সংস্কারে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।সওজের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, যোগাযোগ চালু রাখার জন্য ঈদের আগে সড়কের ভেঙে যাওয়া অংশে বালু ও ইট ফেলা হয়েছে। তাঁদের অধীন ১৯ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।