মহেশখালের অস্থায়ী বাঁধ অপসারণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারের পানি ঠেকাতে ২০ মাস আগে চট্টগ্রাম নগরের মহেশখালে সিটি করপোরেশনের অনুরোধে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। এ বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ভারী বর্ষণে এই বাঁধ আগ্রাবাদ ও হালিশহর এলাকার মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত বাঁধটি অপসারণ করার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অস্থায়ী বাঁধটি এখন আর প্রয়োজন নেই বলে সভায় জানান সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর হাবিবুল হক।

সভা শেষে মেয়র সাংবাদিকদের বলেন, নগরের জলাবদ্ধতার দুর্ভোগ কমানোর জন্য কুমারখালী এলাকায় (সল্টগোলা ক্রসিং) মহেশখালে জলকপাট (স্লুইচগেট) নির্মাণ করবে বন্দর। এর দরপত্র আগামী সপ্তাহে পত্রিকায় প্রকাশ করা হবে। এ জন্য ব্যয় হবে ২৮ থেকে ৩০ কোটি টাকা। সময় লাগবে প্রায় ১৮ মাস।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পর্ষদের সদস্য (প্রকৌশল) কমোডর জুলফিকার আজিজ বলেন, বাঁধ অপসারণের যে সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য তাঁরা কাজ করবেন।

ভারী বর্ষণের কারণে গত মঙ্গলবার গভীর রাত থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, হাসপাতালের পাশের সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও হালিশহর আবাসিক এলাকা টানা প্রায় ২৯ ঘণ্টা পর্যন্ত জলমগ্ন ছিল। নগরের বন্দর রিপাবলিক ক্লাবের সামনে মহেশখালের ওপর দেওয়া অস্থায়ী বাঁধের কারণে আগ্রাবাদ ও হালিশহর এলাকায় জলাবদ্ধতা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ।

কর্ণফুলী নদীর জোয়ারজনিত জলাবদ্ধতার কারণে আগ্রাবাদ ও উত্তর হালিশহরের প্রায় ৫ লাখ মানুষ শুষ্ক মৌসুমে দুর্ভোগে পড়তেন। এই অবস্থা মোকাবিলায় ২০১৫ সালের অক্টোবরে মহেশখালের ওপর পৌনে তিন কোটি টাকায় ব্যয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। বাঁধ নির্মাণকে আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দারা স্বাগত জানালেও এর বিরোধিতা করে উত্তর মধ্যম হালিশহর (৩৭ নম্বর) ও দক্ষিণ মধ্যম হালিশহর (৩৮ নম্বর) ওয়ার্ডের বাসিন্দারা।

তিন সংস্থার যৌথ সভা শেষে মেয়র আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, মঙ্গলবারের অতিবর্ষণের কারণে ১৮ থেকে ২০ ঘণ্টা জলাবদ্ধতা সৃষ্টি হয়। যা ইতিপূর্বে কখনো হয়নি। অস্থায়ী বাঁধ অপসারণের পর জোয়ারের পানি রোধ করার জন্য আপদকালীন কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে এই সময়ে মহেশখাল নিয়মিত খনন করা হবে।

গতকালের সভায় বন্দরের প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান খান, পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম সামছুল করিমসহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এদিকে বাঁধ অপসারণের বিষয়টিকে স্বাগত জানিয়েছে ‘৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক সমাজ’-এর আহ্বায়ক মোহাম্মদ হোসেন। তাঁর দাবি, নতুন জলকপাটটি পরিকল্পিতভাবে নির্মাণ করতে হবে।

তবে আগ্রাবাদ-হালিশহরের জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল আলম প্রথম আলোকে বলেন, অস্থায়ী বাঁধের কারণে এই দুই এলাকার মানুষ জোয়ারজনিত জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছিল। এখন জলকপাট নির্মাণের আগে অপসারণ করলে আবার সে দুর্ভোগ পোহাতে হবে। মহেশখাল খনন ও খালের সঙ্গে যুক্ত নালা-নর্দমাগুলো ঠিকভাবে পরিষ্কার করা হলে বুধবারের মতো জলাবদ্ধতা সৃষ্টি হতো না বলে দাবি করেন তিনি।