মহেশখালের প্রতিরক্ষা দেওয়াল নির্মাণকাজ মাঝপথে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী আবাসিক এলাকায় মহেশখালে প্রতিরক্ষা দেওয়ালের নির্মাণকাজ অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। এতে নগরের হালিশহরসহ আশপাশের এলাকার প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ১৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নগরের আগ্রাবাদ ও হালিশহরের জলাবদ্ধতা নিরসনের জন্য মহেশখালে প্রতিরক্ষা দেওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মোট অর্থের ৭০ শতাংশ দুর্যোগ মন্ত্রণালয়ের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প (সিডিএমপি) ও ৩০ শতাংশ অর্থ করপোরেশনের নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হচ্ছে।
প্রকল্প এলাকাকে নয়টি ভাগে বিভক্ত করে নয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কর্ণফুলী আবাসিক এলাকার অংশের কাজ পেয়েছে ডি কনস্ট্রাকশন ট্রেড। এই প্রকল্পের আওতায় কর্ণফুলী আবাসিক এলাকায় এক বছর আগে সেতু ও প্রতিরক্ষা দেওয়ালের নির্মাণকাজ শুরু হয়। দুই মাস আগে সেতুর কাজ শেষ হলেও প্রতিরক্ষা দেওয়ালের নির্মাণকাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কারণ ছাড়াই ১৫ দিন আগে উন্নয়নকাজ বন্ধ করে দেয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজের জন্য খালের ও সড়কের মাটি খনন করা হয়েছে। অধিকাংশ মাটি রাখা হয়েছে খালের ভেতরেই। মাটির স্তূপ জমে যাওয়ায় খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
আবার গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কের একটি অংশ খালের সঙ্গে বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও সড়ক দেবে গেছে। এই অবস্থায় ঝঁুকিতে পড়েছে পাশের ভবনগুলো। একটি ভবনের সীমানাপ্রাচীর ও প্রবেশদ্বারের ধস ঠেকানোর চেষ্টা চলছে গাছ দিয়ে।
খালের ও সড়কের বর্তমান বেহাল দশায় বিপাকে পড়েছেন হালিশহর, কর্ণফুলী আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা, লুঙ্গিপাড়া ও আগ্রাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দারা। এসব এলাকায় সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পাশেই রয়েছে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা।
মোহাম্মদ আলী নামের এক বাসিন্দা বলেন, ‘যাতায়াত অবস্থা বিপর্যস্ত হওয়ায় বাসা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে গেছি।’
ভবন মালিক হেলালউদ্দিন ও মোহাম্মদ মাসুদ বলেন, ‘কষ্টের কথা আর বলবেন না। গাড়ি চলাচল করা তো দূরের কথা, বাসা থেকে বের হওয়াই দায়। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা। গত ছয় মাস ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
তাঁরা জানান, একটু বৃষ্টি হলেই বাসায় পানি ঢুকে যায়। ভাড়াটিয়ারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন নিয়মিত। এক মাসের মধ্যে তিনবার পানির সংযোগ ও একবার গ্যাসের সংযোগ ঠিক করতে হয়েছে।
এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন বলেন, ‘বৃষ্টি ও জোয়ারের কারণে কাজ করতে পারছি না। করপোরেশন কাজের বিলও দিচ্ছে না।’
এদিকে করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি।