মহেশপুরে অবৈধ সমিতির নামে বিল ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরে নিবন্ধনহীন একটি সমিতির নামে বিল ইজারা দেওয়া হয়েছে। উপজেলার দোবিলা-আজমপুর নামের ওই বিল ইজারা পেয়েছে ছয় মাস আগে নিবন্ধন বাতিল হওয়া মহেশপুর পৌর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। ওই সমিতির নেতৃত্বে আছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা সাধন কুমার হালদার।
এ ব্যাপারে দোবিলা-আজমপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, বলুহর মৎস্যজীবী সমবায় সমিতি ও কোটচাঁদপুর মৎস্যজীবী সমবায় সমিতি পৃথকভাবে বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। সমিতিগুলার অভিযোগ, অদৃশ্য কারণে অবৈধ একটি সমিতিকে ইজারা দেওয়া হয়েছে।
জেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মহেশপুর পৌর মৎস্যজীবী সমবায় সমিতির নিবন্ধন গত অক্টোবর মাসে বাতিল করা হয়েছে। তারা সমবায় বিভাগের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। আর নিবন্ধন বাতিল হওয়া সমিতির নামে বিল-বাঁওড় ইজারা দেওয়ার সুযোগ নেই।
এদিকে ইজারা পেয়ে মহেশপুর পৌর মৎস্যজীবী সমবায় সমিতি আগামী পয়লা বৈশাখ বিলে মাছ ছাড়ার ঘোষণা দিয়েছে। ওই দিন স্থানীয় সাংসদ নবী নেওয়াজ উপস্থিত থেকে বিলে মাছ ছাড়া অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে সমিতির পক্ষ থেকে দাওয়াতপত্র বিলি করা হচ্ছে।
স্থানীয় মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, দোবিলা-আজমপুর গ্রামের ৩৮৮ একরের এই বিল এক বছরের চুক্তিতে ইজারা দেওয়া হয়। জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ঝিনাইদহ রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. মেজবাউল হকের ১৪ মার্চ স্বাক্ষরিত এক চিঠিতে চলতি আগামী পয়লা বৈশাখ থেকে এক বছরের জন্য ২০ লাখ টাকায় বিলটি মহেশপুর পৌর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে।
দোবিলা-আজমপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, জলমহাল ব্যবস্থাপনা আইনে বিল-বাঁওড় ইজারা পাওয়ার ক্ষেত্রে বিলের তীরবর্তী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের সমিতির সদস্যরা বিলের আশপাশের এলাকার হওয়া সত্ত্বেও তাঁদের আবেদন গুরুত্ব না দিয়ে নিবন্ধন বাতিল হওয়া একটি সমিতির নামে বিলটি ইজারা দেওয়া হয়েছে। চারটি সমিতি এই বিল ইজারা পাওয়ার জন্য আবেদন করে। জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি যাচাই-বাছাই করে নিবন্ধিত তিনটি সমিতিকে বাদ রেখে অবৈধ সমিতিকে ইজারা দিয়েছে। এ নিয়ে সাধারণ মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অবশ্য মহেশপুর পৌর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন কুমার হালদার বলেন, তাঁদের সমিতির নিবন্ধন বাতিল হওয়ার কোনো চিঠি তিনি পাননি।
এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাফুর রহমান বলেন, বিষয়টি জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির। তারপরও ইজারা দেওয়া হলে তিনি একটি অনুলিপি পেয়ে থাকেন, কিন্তু ১১ এপ্রিল পর্যন্ত তিনি এ-সংক্রান্ত কোনো কাগজ পাননি।
ঝিনাইদহ রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. মেজবাউল হক বলেন, ইজারা দেওয়ার সময় ওই সমিতির নিবন্ধন নেই এমন কোনো অভিযোগ তাঁরা পাননি। যে কারণে ওই সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। তিনি বলেন, নিবন্ধন বাতিল হওয়া কোনো সমিতির নামে ইজারা দেওয়া যাবে না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।