মহেশপুরে আ.লীগের তিন কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতার দুই পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রশিবির। ঢাকার সাভারে ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের পর পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করেছে শিবির। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

পুলিশ ও আহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানার (২৭) দুই পায়ের রগ কেটে দিয়েছেন ছাত্রশিবিরের কর্মীরা। মুমূর্ষু অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার আবু সাঈদ নামের শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।  

সূত্র জানায়, সোহেল রাত ১০টার দিকে উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলা শহরের অদূরে পাটনিপাড়া এলাকায় পৌঁছালে শিবিরের ৮-১০ জন কর্মী তাঁর ওপর হামলা চালান। তাঁরা সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁর দুই পায়ের রগ কেটে দেন।

গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। সোহেল রানার বাবা আহম্মদ আলী অভিযোগ করেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত শিবিরের কর্মীরা আমার ছেলেকে মারধর করে রগ কেটে দিয়েছে।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে। 

মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল কবির বলেন, রাজনৈতিক কারণে নয়, সোহেল রানাদের পারিবারিক শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। অথচ শিবিরের ওপর দোষ চাপানো হচ্ছে। যাঁকে শিবিরের কর্মী বলে আটক করা হয়েছে, তিনি ছাত্রশিবিরের কর্মী নন। 

ঢাকার সাভারের সিঞ্জুরিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে নূর এ জামাল (২২) নামের ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের পর তাঁর পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করে শিবিরের সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর এ জামাল সাভার বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আশুলিয়ার মনোহর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।

নূর এ জামাল ও তাঁর পরিবার সূত্রে জানা যায়, আশুলিয়ার বোয়ালিয়া পাড়ার জাফর নামের বিএনপির এক নেতা নূর এ জামালকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তাঁরা সিঞ্জুরিয়া মাদ্রাসা পর্যন্ত যাওয়ার পর সেখানে ওত পেতে থাকা আবুল হোসেন, জয়নাল, ফারুক, সুজন, সবুজসহ কয়েকজন যুবক নূর এ জামালকে মারধর ও কুপিয়ে জখম করে। একপর্যায়ে নূর এ জামাল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাঁর হাত-পা বেঁধে রগ কাটার উদ্দেশ্যে দুই পায়ের গোড়ালির ওপর চাপাতি দিয়ে কোপ দেয়। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

হাসপাতালে গতকাল সন্ধ্যায় নূর এ জামাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, হামলাকারীদের সবাই শিবিরের কর্মী। রাজনীতি আর জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জাফর পরিকল্পিতভাবে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। জাফরের ইশারায় অন্যরা নির্যাতনের পর তাঁর রগ কেটে দেওয়ার চেষ্টা করে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসক সুদীপ সাহা বলেন, আঘাতে নূর এ জামালের ডান পায়ের ফিবুলা অস্থি (গোড়ালির ওপরের হাড়) ভেঙে গেছে। আর বাঁ পায়ের মাংসপেশির ভেতরে রগ ছিঁড়ে গেছে অথবা থেঁতলে গেছে।

আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নূর এ জামালকে মারধর করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলাকারীরা শিবিরের কর্মী কি না বা রাজনৈতিক কারণে মারধর করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গতকাল সকালে ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। উপজেলার নাটিমা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন নাটিমা গ্রামের আওয়ামী লীগের কর্মী ইউপি সদস্য মিজানুর রহমান, আজাদ রহমান ও আলমগীর হোসেন। মুমূর্ষু অবস্থায় তাঁদের কোটচাঁদপুর ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, আওয়ামী লীগের তিন কর্মী সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে নাটিমা বাজারে আসেন। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার ও ঝিনাইদহ এবং গাইবান্ধা প্রতিনিধি]