মহেশপুরে উন্নয়ন মাসিক সভা বর্জন করলেন জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্মকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বর্জন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের হলরুমে এই সভা হওয়ার কথা ছিল, যা জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে পণ্ড হয়ে গেছে।
জনপ্রতিনিধিরা বলছেন, ইউএনও তাঁদের অপমান করায় তাঁরা এই সভা বর্জন করেছেন। তাঁরা বলেন, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত উপজেলা পরিষদের সব কর্মকাণ্ড থেকে তাঁরা নিজেদের বিরত রাখবেন।
মহেশপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) ফোরামের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে পরিষদের মাসিক সভা হওয়ার কথা ছিল। সভার সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই তখনো এসে পৌঁছাননি। এমন সময় আসেন ইউএনও আশাফুর রহমান। তিনি সভাপতিকে ছাড়াই সভায় কথা বলতে শুরু করেন। এরই মধ্যে এসে হাজির হন উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁর উপস্থিতিতেই আশাফুর রহমান উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারীর কাছে জানতে চান ইউপি চেয়ারম্যানরা এডিবির প্রকল্প তালিকা জমা দিয়েছেন কি না। অফিস সহকারী চারটি জমা পড়েছে জানানোর সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়ে চেয়ারম্যানদের উদ্দেশে আজেবাজে মন্তব্য করে নিজের কক্ষে চলে যান।
ইসমাইল হোসেন আরও জানান, উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানরা তাঁদের প্রকল্প তালিকা জমা দিয়েছেন। কিন্তু চারটি ছাড়া বাকিগুলো প্রকল্প অফিসে জমা পড়েছে। সেই খবর না নিয়েই তিনি খারাপ ব্যবহার করে চলে যান। এতে অপমানিত হওয়ায় তাঁরাও সভা বর্জন করেন। পরে তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাইয়ের কক্ষে আলোচনা করে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত উপজেলা পরিষদের সব কর্মকাণ্ড বর্জন করার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে ইউএনও আশাফুর রহমান বলেন, তিনি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তাঁর শরীর খারাপ থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সভা চালিয়ে যাওয়ার কথা বলে নিজে চলে আসেন। চেয়ারম্যানরা কেন সভা বর্জন করেছেন, এটা তাঁদের ব্যাপার বলে জানান তিনি।