মহেশপুরে কৃষক লীগের নেতাকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরে শফি উদ্দিন (৫০) নামের কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার শ্যামকুড় বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নয়াপাড়ার মাঠে সন্ত্রাসীরা তাঁকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়।রাতেই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী জীবননগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান। শফি উদ্দিন মহেশপুর উপজেলার শ্যামকুড়-নয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে ও শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কী কারণে সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাঁরা হত্যার কারণ উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।