মহেশপুরে গরু ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী তবিবুর রহমানকে (৩২) গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা তাঁর লাশ ভারতের নদীয়ার রামনগর গ্রামের মাঠে ফেলে যায়। তবিবুরের লাশ ফেরত চেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ জানায়, তবিবুর ২০০৮ সালের ২০ জুন খুন হওয়া বাঘাডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। ওই খুনের বদলা হিসেবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গতকাল দুপুরে জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। লাশ ভারতের মধ্যে থাকায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিজিবির চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ জানান, তাঁরা লাশ আনার তৎপরতা শুরু করেছেন। বিএসএফের কিছু আনুষ্ঠানিকতা শেষে লাশ ফেরত পাবেন বলে তাঁরা আশা করছেন।