ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির আবদুল হাই ও পৌরসভার আমির মকবুল হোসেনের বাড়িসহ ছয়টি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। অভিযানের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরা কিছু লোক ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
জানা গেছে, বেলা একটার দিকে মহেশপুর পৌরসভার ক্যাম্পপাড়ায় ওই দুই নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় উপজেলার নস্তি গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জামায়াতের কর্মী সাইফুল ইসলাম, সাবেক সদস্য আজিজুল ইসলাম, সাহেব আলী ও রতন মিয়ার বাড়িঘরে আগুন দেওয়া হয়। এতে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ওই সব পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার দুপুর একটার দিকে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভোট বন্ধের খবর উপজেলা সদরে আসতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের নেতাদের আটকের চেষ্টা করে। প্রথম দফায় তারা শহরের ক্যাম্পপাড়ায় উপজেলা জামায়াতের আমির আবদুল হাই ও পৌর জামায়াতের আমির মকবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরা কিছু লোক প্রথমে বাড়িতে তল্লাশি শুরু করেন। বাড়িতে পুরুষ কাউকে না পেয়ে তাঁরা ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরে আগুন লাগিয়ে দেওয়া হয়। জামায়াতের নেতা মকবুলের মেয়ে আসমা খাতুন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িতে করে ঘরে ঢুকেই আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে চলে যান।
স্থানীয় কয়েকজন জানান, জামায়াতের ওই নেতার বাড়িতে আগুন জ্বলতে দেখে তাঁরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরা লোকজন তাঁদের বাধা দেন। স্থানীয় সূত্র জানায়, পরে নস্তি গ্রামে অভিযান চালানো হয়। সেখানে আজিজুর রহমান, সাইফুল ইসলাম, সাহেব আলী ও রতন মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁদের বাড়িতে না পেয়ে একইভাবে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
আজিজুল দাবি করেন, তাঁর বাড়িতে নগদ তিন লাখ টাকা ছিল। ওই টাকা এখন পাচ্ছেন না। তাঁর ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে তল্লাশির সময় তাঁর এই টাকা নিয়ে যাওয়া হয়েছে। ভাঙচুর-আগুনে তাঁর ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কারও বাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা তাঁদের জানা নেই। এ ঘটনায় কেউ কোনো অভিযোগও করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিমা খাতুন জানান, তিনি ভোটের দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলেন। তাই বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।