মহেশপুরে বাস খাদে, নিহত ৬
ঝিনাইদহের মহেশপুরে গতকাল রোববার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ছয়জন যাত্রী নিহত ও ৩০ জন আহত হন। সাতক্ষীরার শ্যামনগর, ফরিদপুরের ভাঙ্গা ও লক্ষ্মীপুরে গত শনিবার সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: কালীগঞ্জ-জীবননগর সড়কের ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের যাত্রী মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে রিপন (৮), একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জামেলা খাতুন (৪৫), বুড়ো দাস (৫৫), স্বরূপপুর গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), বাসচালকের সহকারী হাননু (২৩) ও আত্তাব হোসেন (৩৫) নিহত হন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় মহেশপুর, জীবননগর ও কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়ের বাংলার প্রভাষক সোহরাব হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা শাপলা এক্সপ্রেসের লিয়া পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর পর সামনে থাকা একটি কাঠবোঝাই ভ্যান থেকে একটি কাঠের গুঁড়ি পড়ে যায়। বাসটি গুঁড়িতে ধাক্কা দিয়ে কিছুদূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।সাতক্ষীরা: সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের বংশীপুর এলাকার একটি পেট্রল পাম্পের সামনে শনিবার একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের হাবিবুর রহমান সরদার (২৪) ও আরোহী একই গ্রামের জহুর আলী মল্লিক (২৬) নিহত হন।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের মসুরাবাদ এলাকায় মোটরসাইকেলের ওপর থেকে সড়কে পড়ে ভাঙ্গা উপজেলার কেএম কলেজের বিকম শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন (১৯) নিহত হন। তাঁর বাড়ি ভাঙ্গা পৌর এলাকার পশ্চিম হাশাসদিয়ায়।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সাধার ঘর এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. নোমান হোসেন ও দত্তপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেলোয়ার হোসেন নিহত হন।