মহেশপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে গতকাল শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আলম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আবদুস সামাদের ছেলে।
ঝিনাইদহের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, ভোরের দিকে আলম ও একদল গরু ব্যবসায়ী মহেশপুরের ইছামতী নদী পার হয়ে ভারতের নদীয়া জেলার বরণবাড়িয়া এলাকায় ঢুকে পড়েন। এ সময় বরণবাড়িয়া বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা গুলি চালালে আলম আহত হন। আলমের সঙ্গে থাকা গরু ব্যবসায়ীরা তাঁকে নিয়ে বাংলাদেশের ভেতরে ঢোকার পথে তিনি মারা যান। আলমের লাশ গতকাল রাতেই তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
তাজুল ইসলাম আরও জানান, এ ঘটনায় গতকাল সকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।