মহেশপুরে বিদ্যালয়ের সেই স্থানটি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভেঙে দেওয়া হলো ঝিনাইদহের মহেশপুর কাজীরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় নির্মিত আওয়ামী লীগ নেতার মার্কেট। প্রশাসনের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ গত বুধবার মার্কেটটি ভেঙে দিয়েছে। পাশাপাশি জায়গাটি স্থায়ীভাবে দখলমুক্ত করতে বাজারের ব্যবসায়ীদের সহায়তায় সীমানা-প্রাচীর নির্মাণের কাজ চলছে। উপজেলার জিন্নানগর বাজারে কাজীরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। দত্তনগর-জিন্নানগর সড়কের পাশেই রয়েছে স্কুলের ভবন। রাস্তা আর স্কুল ভবনের মাঝের ফাঁকা জায়গাটি দখলের প্রতিযোগিতা চলে। এর আগে বিএনপি সরকারের সময় জায়গাটি দখল করে স্থানীয় বিএনপি নেতারা তাঁদের দলীয় কার্যালয় বানিয়েছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় কাজীরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম জায়গাটি দখল করে সেখানে মার্কেট নির্মাণ শুরু করেছিলেন। ১ জুলাই প্রথম আলোতে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। বিদ্যালয়ের বর্তমান সভাপতি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।