মহেশপুরে বোমা হামলায় বিএনপির দুই নেতা আহত
ঝিনাইদহের মহেশপুরে গতকাল সোমবার রাতে বোমা হামলায় আহত হয়েছেন উপজেলা বিএনপির দুই নেতা। তাঁরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ এবং উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম। তাঁদের যশোর হাসপাতালে নেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, আবদুল লতিফ ও নুরুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ এলাকার সমাজসেবা কার্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে তিনটি বোমা ছুড়ে মারে। বোমা তিনটি তাঁদের পাঁয়ের কাছে পড়ে বিস্ফোরিত হয়। এতে নুরুল ইসলাম শরীরের বাঁ পাশে এবং আবদুল লতিফ বাঁ পাঁয়ে আঘাত পান। দুজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁদের যশোরে পাঠানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতারা জানান, আবদুল লতিফ চেয়ারম্যানকে হত্যার জন্য এই বোমা হামলা করা হয়েছে বলে তাঁদের ধারণা। কিন্তু নুরুল ইসলাম তাঁর সঙ্গে থাকায় তিনিও আহত হয়েছেন।স্থানীয় বিএনপির নেতারা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকার কিছু সন্ত্রাসী ভৈরববাজারে চেয়ারম্যান আবদুল লতিফের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর আগে তাঁর চার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। এলাকা ছেড়ে তিনি বর্তমানে মহেশপুর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।