মহেশপুরে স্থানীয় উদ্যোগে হচ্ছে 'স্বাধীনতা ভবন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া বাজারে স্থানীয় উদ্যোগে নির্মিত হচ্ছে ‘স্বাধীনতা ভবন’। ভবনটির নির্মাণকাজ প্রায় শেষের পথে। দুই তলা ভবনটি শেখ রাসেল স্মৃতি করতোয়া পাঠাগার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে।
মহেশপুর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে পান্তাপাড়া বাজার। গত সোমবার সেখানে গিয়ে দেখা যায়, স্বাধীনতা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ। নিচতলায় দুটি ও দোতলায় আরও দুটি কক্ষ রয়েছে। ধোয়া-মোছার কাজ বাকি। বিদ্যুৎ-সংযোগ দেওয়া হলে ভবনটি ব্যবহার উপযোগী হবে। কথা হয় পান্তাপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইউসুফ আলীর সঙ্গে। তিনি বলেন, এই এলাকার সঙ্গে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িত। উপজেলার মধ্যে পান্তাপাড়া বাজারেই প্রথম মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু হয়। ভারতে প্রশিক্ষণ শেষে মহেশপুর সীমান্ত দিয়ে যেসব মুক্তিযোদ্ধা আসতেন, তাঁরা এই পান্তাপাড়ায় মিলিত হতেন। এটা তাঁদের বিশ্রামস্থল ছিল। এই ইউনিয়নে এখনো ৫৫ জন বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন। মারা গেছেন ২৩ জন। ৫ জন আছেন শহীদ মুক্তিযোদ্ধা।
ইউসুফ আলী আরও বলেন, মূলত মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মালেক গাজি পান্তাপাড়া বাজারে ‘স্বাধীনতা ভবন’ নির্মাণের প্রস্তাব দেন। এ জন্য তিনি (মালেক গাজি) শতক জমি দিয়েছেন। ইতিমধ্যে ভবন নির্মাণে আট লাখ টাকা ব্যয় হয়েছে।
আবদুল মালেক গাজি বলেন, ‘২০১৬ সালের শেষ দিকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে একটা কিছু করার কথা চিন্তা করি। তখন স্বাধীনতা ভবন নির্মাণের পরিকল্পনাটি আসে। ইউনিয়নের মুক্তিযোদ্ধারা এক হাজার করে টাকা দিয়েছেন। অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। সরকারি অনুদান এসেছে ২ লাখ ৬২ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান ব্যক্তিগতভাবেও সহায়তা করেছেন। ভবনটি মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।’
ইউএনও আশাফুর রহমান বলেন, ওই এলাকার মুক্তিযোদ্ধাদের এই উদ্যোগ অত্যন্ত আনন্দের খবর। এ কাজে সরকারি অনুদান পেতে ও ব্যক্তিগতভাবে সহায়তা করেছি। সামনে তাঁদের একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হবে।