ঝিনাইদহের মহেশপুরে গতকাল শনিবার নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক প্রিসাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক প্রিসাইডিং কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।
মহেশপুরে নিহত প্রিসাইডিং কর্মকর্তার নাম আবুল বাশার (৪৫)। তাঁর বাড়ি উপজেলার সাতপোতা গ্রামে। তিনি মহেশপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন। নোয়াখালীর হাতিয়ায় আহত ১০ জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হরিপদ দাস, পুলিশ সদস্য আলাউদ্দিন, আনসার সদস্য নাজমুল হোসেন ও আলী আহামঞ্চদ। গতকাল সকালে মহেশপুরের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন। দুপুরের দিকে তিনি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনে ওই সরঞ্জাম নিয়ে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। পথে সস্তারবাজার এলাকায় এসে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আবুল বাশার আহত হন। স্থানীয় লোকজন
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বেলা সাড়ে তিনটায় উপজেলা শহর থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে একটি জিপে প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিনসহ ১০ জন বড়দেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ওছখালী জাহাজমারা এলাকায় পৌঁছালে জিপটি উল্টে যায়। এতে ১০ জন আহত হন। এদের মধ্যে রুহুল আমিন, হরিপদ দাস, আলাউদ্দিন, নাজমুল হোসেন ও আলী আহামঞ্চদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মো. মঈনউদ্দীন জানান, ভোট গ্রহণের জন্য ওই কেন্দ্রে পুনরায় জনবল নিয়োগ দেওয়া হয়েছে।