সন্তান জন্ম দিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারের জননী ক্লিনিকে অস্ত্রোপচার করানো আরও দুই প্রসূতি গত সোমবার দিবাগত রাতে ও গতকাল মঙ্গলবার মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আটে।
মৃত দুজন হলেন উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ষাটনলপাড়া গ্রামের সামছুল হকের মেয়ে পারুলা খাতুন (২৪) ও পাঁচপোতা
গ্রামের আনিচুর রহমানের স্ত্রী নার্গিস খাতুন (২৩)।
নার্গিস খাতুনের মামা ইসরাফিল হোসেন বলেন, অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়া নার্গিসকে গত এক মাস বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করানো হয়। কিন্তু পরিবারটি আর কুলিয়ে উঠতে পারছিল না। তা ছাড়া চিকিৎসকেরাও একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। এরপর নার্গিসকে বাড়িতে আনা হয়। সোমবার দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান।
অপর দিকে পারুলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী। তিনি বলেন, পারুলাকেও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করানোর পর বাড়িতে রাখা হয়েছিল। গতকাল সকালে তিনি মারা যান। ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এ দুজনকে নিয়ে জননী ক্লিনিকে ৪০ দিনে অস্ত্রোপচার করিয়ে গুরুতর অসুস্থ হওয়া নয়জন প্রসূতির মধ্যে আটজনেরই মৃত্যু হলো। বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক।
জননী ক্লিনিক অ্যান্ড প্রাইভেট হাসপাতালে ৪০ দিনে নয়জন প্রসূতির অস্ত্রোপচার করেন চিকিৎসক গোলাম রহমান ও মো. আসাদুজ্জামান। এরপর অসুস্থ হতে থাকেন প্রসূতিরা। একে একে মারা যান মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের চারজন প্রসূতি। এ নিয়ে ১ সেপ্টেম্বর প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। পরে মারা যান আরও দুই প্রসূতি।
সংবাদ প্রকাশের পর ক্লিনিকটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া ঝিনাইদহ সিভিল সার্জনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে ক্লিনিকের মালিক ও দুই চিকিৎসককে দায়ী করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও অন্যত্র বদলির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মহেশপুর থানায় ক্লিনিক মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলাও হয়েছে। কিন্তু পুলিশ আজও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন, মামলার তদন্ত চলছে। কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।