মহড়া শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ
ভারত ও শ্রীলঙ্কায় যৌথ মহড়া শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’। গতকাল রোববার দুপুরে জাহাজ দুটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছায়। দুটি দেশ সফরের উদ্দেশ্যে গত ১৮ সেপ্টেম্বর জাহাজ দুটি চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছিল।
জাহাজ দুটি চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছার পর নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল স্বাগত জানায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালসহ উচ্চপদস্থ নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী জানায়, জাহাজ দুটি ৯৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা নিয়ে ২১ সেপ্টেম্বর ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যায়। এরপর ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছায়। প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থানরত ভারতীয় যুদ্ধজাহাজ ‘কারমুখ’ পরিদর্শন করেন। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর সদস্যরাও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। এ নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কার উদ্দেশে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ত্যাগ করার সময় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, হেলিকপ্টারের সঙ্গে নৌবাহিনী জাহাজ দুটির বিশেষ যৌথ সমুদ্র মহড়া অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর জাহাজ দুটিকে শ্রীলঙ্কা নৌবাহিনী স্বাগত জানায়। পরে শ্রীলঙ্কান নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থী কর্মকর্তারাও শ্রীলঙ্কান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করেন।
নৌবাহিনী জানায়, এই সফর ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করেছে। একই সঙ্গে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়নেও কার্যকরী ভূমিকা পালন করেছে।