মা, মাটি ও দেশকে ভালোবাসার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্যায়কে অন্যায় বলব। ভালোবাসব মা, মাটি ও দেশকে। সততার সঙ্গে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখব।’ রংপুরে আঞ্চলিক ভাষা প্রতিযোগে এ শপথ নিয়েছে শিক্ষার্থীরা। ভাষার মাস ফেব্রুয়ারির শেষ দিন গতকাল সোমবার রংপুর জিলা স্কুলে ভাষা নিয়ে প্রতিযোগিতার এই আসর বসে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ।জাতীয় সংগীতের মাধ্যমে সকাল নয়টায় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন যথাক্রমে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর এম মিজানুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক।রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট—এই আট জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী অংশ নেয় এই পর্বে। এইচএসবিসি-প্রথম আলো এই প্রতিযোগিতার আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানের পরই শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে চলে যায় শ্রেণীকক্ষে। আধা ঘণ্টার পরীক্ষা শেষে মূল মঞ্চে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষকেরা মঞ্চে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। এ সময় ভালো প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদের উপস্থাপনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। শিক্ষার্থীদের মজার মজার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলার শিক্ষকেরা। প্রশ্নোত্তর পর্ব শেষে অতিথিরা বক্তব্য দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক বলেন, বাংলা সাহিত্য চর্চা করতে হলে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হবে। তিনি রবীন্দ্রনাথের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মঞ্জুর বলেন, শুদ্ধভাবে মাতৃভাষাকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি। এইচএসবিসি ব্যাংকের সামাজিক মাধ্যম ও গণযোগাযোগ কর্মকর্তা সামি আল হাফিজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভালো মানুষ হতে হলে বেশি বেশি বই পড়তে হবে।’ এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সরিফা সালোয়া, সহকারী অধ্যাপক রিষিন পরিমল, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এ আই এম মুসা, প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক ও বন্ধুসভার সভাপতি সত্যজিৎ ঘোষ বক্তব্য দেন। আবৃত্তি করেন রাশনা শারমীন।উৎসবে কয়েকটি গান পরিবেশন করে শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক। এ ছাড়া রংপুর বন্ধুসভার বন্ধু সোহেলী, কথা, নাভানা, সংগীতা, তাজিন ভাষা ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।উৎসবে মোট ৫২টি পুরস্কারের মধ্যে রংপুর জিলা স্কুলের প্রাধান্য ছিল। দ্বিতীয় অবস্থানে ছিল রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ।