মা অপেক্ষায় ছিলেন, ফিরল না শিশু রবিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমার নামাজ আদায় শেষে ফিরছিল শিশুটি। সড়ক বিভাজকের কাঁটাতারের মাঝের কাটা অংশ দিয়ে রাস্তা পার হতে যাচ্ছিল। দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। নিমেষে সে নিশ্চুপ। খবর পেয়ে তার অপেক্ষায় বসে থাকা মা ছুটে আসেন। রাস্তায় পড়ে বিলাপ শুরু করে দেন।

আজ শুক্রবার বেলা দুইটার কিছু আগে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১০ বছরের শিশুটির নাম রবিউল আউয়াল। সে আম্বর শাহ মাদ্রাসার ছাত্র। জুমার নামাজ আদায় করে রাস্তার ওই পারে বাড়ি ফিরছিল। বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় তার বাড়ি।

ওই সড়কে বিপজ্জনকভাবে রাস্তা পারাপার বন্ধে সড়ক বিভাজকে কাঁটাতার দেওয়া রয়েছে। তবে মাঝের কিছু অংশ কাটা ছিল। ছুটির দিনে ফাঁকা রাস্তায় সেখান দিয়েই পার হতে গিয়েছিল শিশুটি।

খবর পেয়ে ছেলের অপেক্ষায় থাকা মা রানু বেগম ছুটে এসেছেন। রাস্তায় বসে আহাজারি করছেন তিনি। মা জানালেন, রবিউল আম্বর শাহ মাদ্রাসায় পড়ত। নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিল সে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পান দোকানি সখিনা বেগম বলেন, ‘হঠাৎ শুনতে পেলাম ‘ও মাগো’ চিৎকার। এরপরই দেখি রাস্তার ওপর পড়ে আছে শিশুর লাশ।’ এরপরই কেঁদে ওঠেন তিনি। আরেক প্রত্যক্ষদর্শী দোকানি আবদুল মান্নানও একই কথা জানান।

তেজগাঁওয়ের ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় শিশুটি মারা যায়। সাভার থেকে কমলাপুর পর্যন্ত বাসটি চলাচল করে। চালক পালিয়ে গেলেও বাসটিকে কমলাপুর থেকে আটক করা হয়েছে।

কাঁটাতারের বেড়া তুলে ফেলার বিষয়টি জানতে চাইলে ট্রাফিক বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সড়ক বিভাজকের কাঁটাতারের বেড়া পথচারীরাই তুলে ফেলে। এ রকম একাধিক স্থানে কাঁটাতারের বেড়া কাটা রয়েছে। প্লাস দিয়ে এসব বেড়া কাটা হয়েছে। সাধারণত এই ফাঁকা জায়গা দিয়ে কারওয়ান বাজার থেকে মালামাল পার করা হয়। সাধারণ মানুষ আন্ডারপাস কিংবা পদচারী–সেতু ব্যবহার করে না।