মা আমাকে বাঁচাও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তর রানীপুর গ্রামে আনোয়ার হোসেন (১০) নামের এক স্কুলছাত্র গতকাল বুধবার দুপুরে বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার ছোট মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, এক স্কুলশিক্ষকের বেত্রাঘাতের অপমান সইতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় আনোয়ার।আনোয়ারের মা আমেনা খাতুন প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেন প্রতিদিনের মতো গতকাল সকালে স্কুলে যায়। কিন্তু কখন সে স্কুল থেকে বাড়ি ফিরে আসে, তা তিনি টের পাননি। হঠাৎ দুপুরে আনোয়ারের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখেন সে কাতরাচ্ছে। তখন আনোয়ার মাকে জানায়, সকালে তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছামছুদ্দিনের টাকা চুরি যায়। পরে টাকা চুরির অভিযোগে ওই শিক্ষক আনোয়ারকে বেদম প্রহার করেন। মারের চোটে আনোয়ার সহপাঠীদের সামনে টাকা চুরির কথা স্বীকার করে। মায়ের কাছে সে বলে, ‘মা আমি টাকাটা সত্যি চুরি করিনি। আমি বিষ খাইছি। মা আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই।’ বেলা আড়াইটার দিকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনটার দিকে সে মারা যায়। শিক্ষক ছামছুদ্দিনের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ারের মৃত্যুর পর থেকে ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন।মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর মোহাম্মদ মোতাহার হোসেন চুরির অভিযোগে আনোয়ারকে সহকারী শিক্ষক ছামছুদ্দিন বেত্রাঘাত করার সত্যতা নিশ্চিত করে আনোয়ারের মৃত্যুকে মর্মান্তিক বলেছেন। ধোবাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য আনোয়ারের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।