ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম ও তিতান চৌধুরী—তিনজনই মূলত অভিনয়শিল্পী। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন উপস্থাপনা ও মডেলিং। চট্টগ্রামের এই তরুণ তুর্কিদের ঢাকায় এখন পোক্ত অবস্থান। তাঁদের আনন্দ-বেদনা ভাগাভাগি থেকে শুরু করে আজকের অবস্থান—নেপথ্যের মানুষটি মা। বিশ্ব মা দিবসে তাঁরা বলেছেন মায়ের কথা

আমাদের চট্টগ্রামের বাসা নগরের জামালখানে। বেড়ে ওঠা সেখানেই। তবে তিন বছর ধরে মাকে ছেড়ে পাকাপাকিভাবে থাকছি ঢাকায়। কিন্তু দূরে থেকেও মা ছাড়া আমি অচল। সবকিছুতে ভরসা তিনি। বিশেষ করে কাজের ক্ষেত্রে আমার প্রধান পরামর্শক। কীভাবে কী করব, তিনি পথ বাতলে দেন। শুধু তা-ই নয়, বড় কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করতে হলে আমার পোশাক কী হবে, তা-ও এখনো মা ঠিক করে দেন। অনেক সময় মা চট্টগ্রাম থেকে পোশাক বানিয়ে নিজে নিয়ে চলে আসেন। তাঁর সঙ্গে থাকে টিফিন ক্যারিয়ারে ভর্তি আমার পছন্দের খাবার।
ছোটবেলা থেকে মা চাইতেন আমি গান শিখি। গানের স্কুলে ভর্তিও করিয়েছেন। কিন্তু বেশি দিন টিকতে পারিনি। আমার বরাবরের মতো ঝোঁক ছিল মডেলিং ও অভিনয়ে। এ জন্য আবৃত্তি আর অভিনয়ে সময় কাটিয়েছি। মা আমার ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন। কাজের ক্ষেত্র প্রসারিত করতে ঢাকায় আসার জন্য উৎসাহ জুগিয়েছেন। তাঁর একটিই চাওয়া, যা করি তা যেন মন দিয়ে করি। তিনি সব সময় বলেন, ‘মন লাগিয়ে কোনো কাজ করলে তাতে সফলতা আসবেই।’
প্রসঙ্গত, নাবিলা ইসলামের মা নাসরিন ইসলাম বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ উপস্থাপিকা ও বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ পাঠিকা। তিন বোনের মধ্যে নাবিলা বড়।