মা ইলিশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান
জাটকা নিধন বন্ধ ও মা ইলিশ রক্ষায় চট্টগ্রামে আয়োজিত গণসচেতনতা সমাবেশে বক্তারা বলেছেন, যদি প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ করা যায়, তাহলে আগামী মৌসুমে আরও বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাবে। সে জন্য সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতি দেব। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন। আরও বক্তব্য দেন সামুদ্রিক মৎস্য দপ্তরের উপপরিচালক মরিয়ম সুলতানা, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহজাহান আলী, কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ হোসেন, বোর্ড মালিক সমিতির সভাপতি নূর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রজনন মৌসুম উপলক্ষে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিপণন, বাজারজাতকরণ এবং পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে মা-ইলিশ ধরা বন্ধ করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ ইলিশের খনিতে পরিণত হবে। তাঁরা বলেন, মা-ইলিশের পাশাপাশি জাটকাও ধরা বন্ধ করতে হবে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশ বিক্রি করে জেলেরা যেমন লাভবান হবেন; পাশাপাশি বাঙালির রসনাবিলাস সম্ভব হবে।
এ বছর বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ার বিষয়টি উল্লেখ করে বক্তারা বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করতে হবে।
সমাবেশে কবিয়াল ইউসুফ ও তাঁর দল কবিগান পরিবেশন করেন।