মা ইলিশ সংরক্ষণে তদারকি কমিটি
মা ইলিশ সংরক্ষণের জন্য ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন উপকূলীয় এলাকার চারটি ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। কেউ যাতে ওই সময় ইলিশ আহরণ না করে সে জন্য রামগতি উপজেলার প্রতিটি মাছঘাট এলাকায় মৎস্যজীবী প্রতিনিধিদের সমন্বয়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে মা ইলিশ সংরক্ষণের কর্মকৌশল নির্ধারণের জন্য লক্ষ্মীপুরের রামগতিতে মৎস্যজীবী প্রতিনিধি সমাবেশে বক্তারা এই তথ্য জানান।
গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ হয়। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ও জাতীয় মৎস্যজীবী সমিতির রামগতি উপজেলা শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক মৎস্যজীবী এতে অংশ নেন।
মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নবিষয়ক রামগতি উপজেলা ট্রাস্কফোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. খোরশেদ আলম, কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুল মান্নান, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার প্রমুখ।