মা-ও অপেক্ষায়, কখন খাবার আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী জন্য এই খা​বারের আয়োজন জানেন না মা রহিমা। অপেক্ষার পর খাবার পেয়ে দুই শিশুকে খাওয়াচ্ছেন, খাচ্ছেন নিজেও। ছবি: আসাদুজ্জামান
কী জন্য এই খা​বারের আয়োজন জানেন না মা রহিমা। অপেক্ষার পর খাবার পেয়ে দুই শিশুকে খাওয়াচ্ছেন, খাচ্ছেন নিজেও। ছবি: আসাদুজ্জামান

একজনের পরনে কিছু নেই। তার বয়স ছয় মাস। তার নাম সাগর। আরেকজনের পরনে প্যান্ট। গায়ে জামা নেই। বয়স দুই বছর। তার নাম শাকিল। দুটি শিশু মায়ের পাশে ঘোরাঘুরি করছে খাবারের আশায়। কিছুক্ষণ পরপরই সাগর কাঁদছিল। তাঁদের মা-ও অপেক্ষায়, কখন খাবার আসবে।

বেলা দুইটার পর খাবার দেওয়া হলো। কী দিবস উপলক্ষে এই খাবার, তা জানেন না শিশু দুটির মা রহিমা। তিনি বললেন, ‘অভাবের সংসার। ছেলের বাপে ভাঙারি টোকায়। যা কামাই করে তা দিয়ে সংসার চলে না। শিশু দুটির মুখে সময়মতো খাবার দিতে পারি না। আজ সকালে শুনেছি হাইকোর্ট মাজারে দুপুরে খাবার দেওয়া হবে। তাই এখানে এসেছি।’

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল মানুষের জন্য খাবারের আয়োজন করে সুপ্রিম কোর্ট। ছবি: আসাদুজ্জামান
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল মানুষের জন্য খাবারের আয়োজন করে সুপ্রিম কোর্ট। ছবি: আসাদুজ্জামান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টের উদ্যোগে ছিন্নমূল মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। বেলা দুইটার পর হাইকোর্ট মাজারের সামনে খাবার দেওয়া হয়। দুই শিশুকে নিয়ে সেই খাবারের অপেক্ষাতেই ছিলেন মা রহিমা।

রহিমা ছাড়াও সেই খাবারের জন্য সেখানে জড়ো হয়েছিল কয়েক শ মানুষ। অধিকাংশ জানেন না, কী কারণে খাবারের আয়োজন।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। ৪০০ থেকে ৫০০ মানুষকে খাবার দেওয়া হয়েছে।

হাইকোর্ট মাজার এলাকায় সুপ্রিম কোর্টের উদ্যোগে ছিন্নমূল মানুষের জন্য বিতরণ করা খাবার খাচ্ছে তারা দুজন। ছবি: আসাদুজ্জামান
হাইকোর্ট মাজার এলাকায় সুপ্রিম কোর্টের উদ্যোগে ছিন্নমূল মানুষের জন্য বিতরণ করা খাবার খাচ্ছে তারা দুজন। ছবি: আসাদুজ্জামান

সেই খাবার ​খাওয়ার পর তৃপ্তির ঢেকুর তোলেন আক্কাস আলী। তাঁর বয়স ৭০ ছুঁই–ছুঁই। তিনি জানেন, বঙ্গবন্ধুকে এই দিনে হত্যা করা হয়েছে। তাই আজ শোক দিবস। এ কারণে এই খাবার। আক্কাস বললেন, ‘আমরা গরিব মানুষ...অনেক দিন পর তৃপ্তি নিয়ে খাইলাম।’

খাওয়ার পর আবুল হোসেন নামের মধ্যবয়সী একজন বলেন, তিনি ছিলেন ব্যবসায়ী। কপাল মন্দ, তাই আজ তিনি ছিন্নমূল। কাঙালিভোজ খেতে এসেছেন।