মা ও ছেলেকে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা ও ছেলেকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল হোসেন ওরফে কসাই কাশেম ও দুলাল হোসেন। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাবুল হোসেন। তিনি পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৫ মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দড়িগাঁও এলাকায় অজ্ঞাত ২৫-২৬ বছরের এক নারী তাঁর ছয় বছরের ছোট ছেলেকে নিয়ে মানুষের কাছে সাহায্য চান। আসামিরা ওই নারীকে সাহায্য হিসেবে ১০ টাকা দেন। পরে আসামিরা মা ও ছেলেকে শ্মশানঘাট এলাকায় নিয়ে যান এবং কাশেম ও বাবুল ওই নারীকে ধর্ষণ করেন। এরপর তাঁরা মা ও ছেলেকে হত্যা করে লাশ দড়িগাঁও কবরস্থান এলাকার পুরোনো গর্তে চাপা দেন। এলাকার লোকজন লাশ দুটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আড়াইহাজার থানার পুলিশ হত্যা মামলা করে। আসামি বাবুল হোসেন গ্রেপ্তার হলে হত্যার দায় স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ ওই তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন।