গাজীপুরের টঙ্গীতে জুয়া খেলার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা মা ও ছেলেকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত মঙ্গলবার রাতে টঙ্গীর পশ্চিম আরিচপুর এলাকার আমির মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. খালেক নিজের ঘরে জুয়া খেলার আসর বসান। ওই বাড়ির অপর ভাড়াটিয়া রোকেয়া বেগম (৪৮) ও তাঁর ছেলে মো. মাসুম (২৫) বাড়ির ভেতরে জুয়া খেলা নিয়ে আপত্তি তোলেন। এতে খালেক ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মা-ছেলেকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। হামলার পর আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে টঙ্গী মডেল থানায় হামলাকারী ভাড়াটিয়া মো. খালেকসহ চারজনের বিরুদ্ধে গতকাল বুধবার জুয়া খেলা ও সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা করেছেন। রোকেয়া বেগম বলেন, ভাড়াটিয়া খালেক বেশ কিছুদিন ধরে বাড়ির ভেতরে নিয়মিত জুয়ার আসর বসাচ্ছিলেন। এর আগে কয়েকবার বিষয়টি নিয়ে আপত্তি জানালেও তিনি তা আমলে নেননি। টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোকেয়া ও তাঁর ছেলে একটি খারাপ কাজের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন। দোষীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।