মা ও তিন মেয়ে হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রল দিয়ে পুড়িয়ে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল সদর ও সখীপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল বিকেল সাড়ে চারটায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে টাঙ্গাইল বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে মা ও তিন মেয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মানবাধিকার কর্মী মাহমুদা বেগম শেলী প্রমুখ বক্তব্য দেন। এই কর্মসূচিতে অংশ নেওয়ায় ধন্যবাদ জানান টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি আবদুল লতিফ।
এর আগে বেলা সাড়ে ১০টায় সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে সখীপুর বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন হয়। এতে সংগঠনটির সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে স্থানীয় একটি হোটেলের কক্ষে আলোচনায় অংশ নেন সখীপুর বন্ধুসভার উপদেষ্টা ইকবাল গফুর, হেনরি হান্নান, সোহেল রানা, আসাদুজ্জামান, সাংবাদিক মোজাম্মেল হক, বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।