মা ও তিন সন্তানের লাশ রহস্যের জট খোলেনি
রাজধানীর তুরাগ এলাকায় মা ও তিন সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় রহস্যের জট এখনো খোলেনি। গৃহবধূ রেহানা পারভিন সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন, নাকি তাঁদের হত্যা করা হয়েছে—তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে তুরাগের কালিয়ারটেক এলাকায় নিজ বাসার দুটি ঘর থেকে রেহানা বেগম ও তাঁর তিন সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে রেহানার ভাই শামসুল আলম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, তিন সন্তানের বাবা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি একেক সময় একেক কথা বলছেন। তাঁকে ছাড়াও তাঁর ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে।
তিনি বলেন, রেহানার পোস্ট মর্টেম রিপোর্টের ওপর অনেক কিছু নির্ভর করছে। সেটা পাওয়া গেলে অনেক কিছুর উত্তর মিলবে।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, মোস্তফা কামালের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলছেন, ঘটনাটি তাঁর কাছেও অপ্রত্যাশিত। তিনি বুঝতেই পারছেন না কেন এমনটা ঘটল। ঘটনার সময় তিনি বাড়িতেও ছিলেন না।
রেহানার ভাই শামসুল আলম গতকাল বলেন, রেহানার শাশুড়ি ও ননদ মিলে প্রতিনিয়ত তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতেন। তাঁরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।