মা ও দুই ছেলে মিলে মাদক বিক্রি!
১১ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পঞ্চাশোর্ধ্ব আছিয়া বেগমের। প্রথমে অন্যের বাড়িতে কাজ করলেও পরে দুই ছেলেকে নিয়ে মাদক ব্যবসা শুরু করেন তিনি। আছিয়া ও তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশ ১১টি মামলায় অভিযোগপত্রও দেয়। এসব মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আবার জড়িয়ে পড়েন মাদক বিক্রিতে।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের রেলস্টেশন এলাকা থেকে ৪০ লিটার মদসহ আছিয়াকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এসব তথ্য।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘দুই ছেলে ও মা মিলে মাদক বিক্রি করে আসছেন দীর্ঘদিন ধরে।
গ্রেপ্তার হলেও নির্দিষ্ট আইনজীবীর মাধ্যমে জামিনে বেরিয়ে আসছেন তাঁরা। পলাতক দুই ছেলেকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’
আছিয়া গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেন, সিলেটের কোতোয়ালি থানার কালীঘাটের বাসিন্দা তিনি। ৩০ বছর আগে চট্টগ্রাম এসে স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন। ১১ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। প্রথমে অন্যের বাড়িতে কাজ করলেও পরে মাদক বিক্রিতে জড়িয়ে পড়েন। দুই ছেলে আসিফ ও নবী। একমাত্র মেয়ে স্বামীর সঙ্গে বরিশালে বসবাস করেন। দুই ছেলেকে নিয়ে মাদক বিক্রিকালে বিভিন্ন সময়ে পুলিশের হাতে ধরাও পড়েছেন।
একবার জেলে গেলে দেড় থেকে দুই মাস সময় লাগে জামিন পেতে। প্রতিবার জামিন নিতে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয়। তাঁর নির্দিষ্ট কয়েকজন আইনজীবী রয়েছেন।
এ ছাড়া প্রতি মাসে পাঁচ থেকে ছয়বার হাজিরা দিতে হয় আদালতে। এতে দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয় আছিয়ার।
জিজ্ঞাসাবাদে আছিয়া পুলিশকে আরও জানান, প্রতি লিটার দেশি মদ ক্রয় করে তার সঙ্গে আধা লিটার পানি মিশিয়ে প্রতি লিটার ২৬০ টাকা দামে বিক্রি করেন। প্রতিদিন সাত লিটার মদ বিক্রি করে ৫০০ টাকা আয় হয় তাঁর।
জানতে চাইলে আছিয়া আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘মাদক বিক্রিতে লাভ বেশি। তাই ছেলেদেরও এ কাজে নিয়ে এসেছি। আমার একার পক্ষে সম্ভব হয় না।’