মা ও দুই মেয়ে অ্যাসিডসন্ত্রাসের শিকার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় গত বুধবার রাতে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজন অ্যাসিডসন্ত্রাসের শিকার হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।
অ্যাসিডসন্ত্রাসের শিকার ব্যক্তিরা হলেন পাথরঘাটা থানাসংলগ্ন বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী রুস্তম আলীর স্ত্রী ফাতিমা বেগম (৩৫), তাঁদের বড় মেয়ে ফারজানা আক্তার (১৮) ও ছোট মেয়ে মারজানা আক্তার (১১)।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন রুস্তম আলী। তবে গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে কে বা কারা তাঁদের ঘরের দরজায় ধাক্কা দেয়। বড় মেয়ে ফারজানা দরজা খুললে বোরকা পরিহিত এক ব্যক্তি সিরিঞ্জ দিয়ে অ্যাসিড ছুড়ে মারে। এ সময় ফারজানা হাত দিয়ে তাঁর চোখ রক্ষার চেষ্টা করেন। কিন্তু তাঁর মুখমণ্ডল, দুই হাতের কবজিসহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে যায়। তাঁর চিৎকার শুনে মা ও ছোট বোন এগিয়ে এলে তাঁদেরও অ্যাসিড মারা হয়। তবে তাঁদের ক্ষতি হয়েছে কম। আহত তিনজনকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বেশি আহত ফারজানাকে রাতেই ঢাকার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের তথ্য কর্মকর্তা শবনম সুলতানা গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, অ্যাসিডে ফারজানার শরীরের পাঁচ শতাংশ পুড়ে গেছে। তাঁর সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান জানান, ফাতিমা বেগম ও তাঁর ছোট মেয়ের গলা ও হাত সামান্য ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা ফিরে গেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তাই তাদের গ্রেপ্তারে কিছুটা বিলম্ব হচ্ছে।