মা ও দুই মেয়ের মৃত্যু
খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর মেইল ট্রেনের ধাক্কায় গতকাল মঙ্গলবার সকালে নগরের যুগীপোল এলাকায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো: লাবণী (২৫) এবং তাঁর দুই শিশুকন্যা টিকলি (৪) ও দুই মাস বয়সী মুন।খানজাহান আলী থানার উপপরিদর্শক মো. তৌহিদ প্রথম আলোকে জানান, পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ মামলা করবে। তিনি আরও জানান, লাবণী সেনাবাহিনীর সদস্য মো. মুরাদের স্ত্রী। মুরাদ বর্তমানে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে কর্মরত। লাবণীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদী এলাকায়। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকাল ১০টার দিকে লাবণী তাঁর মেয়েদের সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। মেয়ে টিকলি হঠাৎ করে রেললাইনের ওপর উঠে যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর মেইল দ্রুতগতিতে ছুটে আসছিল। অবস্থা বেগতিক দেখে লাবণী মুনকে কোলে নিয়ে টিকলিকে বাঁচাতে উঠে আসেন রেললাইনের ওপর। কিন্তু ট্রেনের নিচে চাপা পড়ে তারা। আর ট্রেনের ধাক্কায় একপাশে ছিককে পড়ে মুন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজনই মারা যায়।