মা ও দুই সন্তানসহ তিনজনের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাচলিয়া দক্ষিণপাড়া গ্রামে মা ও দুই শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মা আমেনা খাতুন (২৫), মেয়ে ফাতেমা খাতুন (৬) ও নূপুর (৩)।
সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নিহত আমেনার ভাশুর মানিক মিয়া ও দেবর শহিদুল ইসলামকে আটক করেছে।
উল্লাপাড়া থানা-পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় তিনজন বিষপান করে বলে জানার পর তাঁদের প্রথমে শহরের বেসরকারি আভিসিনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে মাকে সদর হাসপাতালে নিলে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
আমেনার বাবা আমডাঙ্গা গ্রামের আবদুল মতিন অভিযোগ করেন, জমি নিয়ে আমেনার স্বামী রানার সঙ্গে তার ভাশুর-দেবরদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার আমেনা আমডাঙ্গা থেকে পাচলিয়া দক্ষিণপাড়া গ্রামে যায়। সন্ধ্যারাতে ওই পরিবারের লোকজন তাদের বিষ পান করিয়ে মেরে ফেলেছে।