মা ও দেশকে দেখতে চলে এসেছি: হুমায়ূন আহমেদ
‘মা ও দেশকে দেখতে চলে এসেছি। পুরোপুরি ফিরতে পারলে খুব ভালো লাগত। আশা করছি, সুস্থ হয়ে ফিরে আসব।’গাজীপুরের নুহাশ পল্লীতে দেখা করতে আসা সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের কথাগুলো বলেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।নিউইয়র্কে দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা করানোর পর গতকাল শুক্রবার ভোরে দেশে ফেরেন হুমায়ূন আহমেদ। সঙ্গে এসেছেন স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিষাদ ও নিনিত। বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের তিনি বলেন, ‘সবচেয়ে বেশি যেটা মিস করেছি, সেটা হলো নুহাশ পল্লী। সেখানে যে বাগানটা আছে, যে গাছগুলো আছে, ওগুলো মিস করেছি। তারপর মিস করেছি আমার বন্ধুদের। মিস করেছি আমার মা ও আত্মীয়স্বজনকে।’বিমানবন্দর থেকে গতকাল সকালে হুমায়ূন আহমেদ সরাসরি গাজীপুরের নুহাশ পল্লীতে চলে আসেন। গতকাল সারা দিন তিনি নুহাশ পল্লীতে প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন। সঙ্গে ছিলেন মা-শাশুড়ি, ভাই-বোন, বন্ধু ও স্বজনেরা।হুমায়ূন আহমেদ বলেন, চিকিৎসকেরা বলেছিলেন, কেমো নেওয়ার পর তাঁর লিখতে সমস্যা হতে পারে। কিন্তু সেটি হয়নি। তিনি লিখতে পারছেন। এ কারণে তিনি খুশি। জনপ্রিয় এই লেখক বলেন, ‘আমেরিকায় দেখেছি, বয়স ৮০ হলেও কেউ হার মানেন না। আমিও আত্মবিশ্বাসী, পুরো চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসব।’ দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে খুশি হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। তিনি বলেন, ‘আমার ছেলেকে মানুষ কত ভালোবাসে, সেটি আমি বুঝেছি তার অসুস্থতার সময়। আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করি।’১ জুন পর্যন্ত হুমায়ূন আহমেদ দেশে থাকবেন। নিউইয়র্কে ফেরার পর তাঁর একটি অস্ত্রোপচার হবে। চিকিৎসার জন্য তিনি নিউইয়র্ক যান গত বছরের ১৪ সেপ্টেম্বর। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন তিনি।