মা ও মেয়ে খুনের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় আমিনা মঞ্জিলে মা ও মেয়ে খুনের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহত মারিয়া আক্তারের ভাই নুরুল হুদা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। তবে পুলিশ এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।মামলায় উল্লেখ করা হয়েছে, তিন দিন আগে সৌদি আরব থেকে তাঁর ভগ্নিপতি আহম্মেদ আলী মারিয়া আক্তারের মুঠোফোনে কয়েক দফা ফোন করেও পাননি। পরে তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় তাঁর ছোট ভাই জসিমউদ্দিনকে ভগ্নিপতির বাসায় পাঠান। বুধবার সকালে জসিমউদ্দিন বাসায় গিয়ে দেখেন, ঘর বাইরে থেকে তালাবদ্ধ। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢোকে। এ সময় দুটি পৃথক বিছানায় মা মারিয়া আক্তার ও মেয়ে সাদিয়া আক্তারের গলাকাটা লাশ পাওয়া যায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সিআইডির ক্রাইমসিন ম্যানেজমেন্ট টিমের পরিদর্শক মাহবুবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মামলাটি পুলিশই তদন্ত করবে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, নিহত মা ও মেয়ের স্বজন, প্রতিবেশীসহ পাঁচ-ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।