মা ও মেয়েকে আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার পর বিবস্ত্র মরদেহ গাছে বেঁধে রাখার লোমহর্ষক দৃশ্য তাড়া করে ফিরছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিমলা দিঘীপাড়া গ্রামের মানুষকে। নিহত মরিয়মের ছেলেমেয়েসহ আত্মীয়স্বজন ও গ্রামবাসী এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না ওই পৈশাচিকতা। অনেকের মনে ভয়-আতঙ্ক ও বিপন্নতাবোধ বাসা বেঁধেছে। মরিয়ম খুন হতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন তাঁর মা ও মেয়েকে।অন্য দশটি আদিবাসী গ্রামের মতো নয় শিমলা দিঘীপাড়া। গোদাগাড়ী উপজেলা সদর থেকে ১৬-১৭ কিলোমিটার দূরের নিভৃত একটি সাঁওতাল পল্লিতে অর্ধশতাধিক উচ্চশিক্ষিত মানুষ রয়েছে। এই গ্রামে শিক্ষার পরিবেশ নিয়ে আশপাশের গ্রামের মানুষ তাঁদের সম্মান ও সমীহ করে। গ্রামের অনেক শিক্ষিত মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাকরি করে।গত সোমবার শিমলাদিঘী গ্রামে গিয়ে মাঝি হাড়াম (গ্রামপ্রধান) বিশ্বনাথ টুডুসহ অনেকের সঙ্গে কথা বলে তাঁদের আতঙ্কের কথা জানা যায়। গ্রামে ঢুকে দখা যায়, ছোট একটি চালাঘরে বসে আছেন কয়েকজন। সবার চেহরায় ভীতির ছাপ। মরিয়মের বাবা রাজেন মুর্মুর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আসা আত্মীয়স্বজনরা শোকার্ত চেহারায় বসে আছেন। বাড়ির পেছনে বসে ছিলেন রাজেন মুর্মুর প্রতিবেশী অঞ্জলি মুর্মুর। খুব ভোরে জমিতে ধান বুনতে যাওয়ার পথে তিনিই প্রথম দেখেন গাছে বাঁধা মরিয়ম মুর্মুর মরদেহ। তিনি জানান, বিবস্ত্র নারী দেখে ভেবেছিলেন, কোনো ভূত-প্রেত হবে। ভয়ে বাড়ি পালিয়ে যান। স্বামী ও গ্রামের অন্য একজনকে ঘটনা বলেন। তাঁরা এগিয়ে একটু দূরে থেকেই দেখেন, চিনতে পারেননি। পরে গ্রামের অনেকে এসে মৃতদেহ শনাক্ত করতে পারেন। তিনি বলেন, ‘ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে এখনো। সারারাত ঘুমাতে পারিনি। আরও কত দিনে যে ভয় কাটতে জানি না।’ আরেক প্রতিবেশী আন্দ্রিয়াস মুর্মু বলেন, ‘গাছে বাঁধা মরিয়ম মুর্মুর লাশ দেখে রক্ত হিম হয়ে আসে। মুখ দিয়ে কথা বের হয় না।’ খোঁজ নিয়ে জানা যায়, মরিয়মের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন ছেলে উইলসন মারান্ডি ও ভাই মিথু শিলাক মুর্মু। মরিয়ম মুর্মুর সমাধির পাশে দাঁড়িয়েই কথা হয় মিথু শিলাক মুর্মুর সঙ্গে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিলাক ঢাকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। আদিবাসীদের নিয়ে লেখালেখি করেন। মুক্তিযুদ্ধে আদিবাসীদের অবদান ও বিপন্ন আদিবাসী জীবন ও সমাজ নামে দুটি বইও লিখেছেন। তিনি বলেন, বিপন্ন আদিবাসী জীবন ও সমাজ-এ লিখেছিলেন অত্যাচার- নিপীড়নের শিকার হয়ে বিপন্নবোধ করে আদিবাসী মানুষ ছাড়ে গ্রাম, ছাড়ে দেশ। বিষয়টি যে আমার জীবনেও এ ভাবে প্রতিফলিত হবে এ কথা স্বপ্নেও ভাবিনি। এখন আমি নিজেই বিপন্নবোধ করছি।’ তিনি জানান, মরিয়ম মুর্মুর হাতে ছিল সংসারের হাল। বাড়িতে বৃদ্ধ মা-বাবার দেখভাল, জমিজমার তত্ত্বাবধান—সবই করতেন তিনি। ৮৫ বছর বয়সী বাবা বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী, বোধশক্তি নেই। মেয়ের মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। তবে তিনি মরিয়মের বিষয়ে নানা প্রশ্ন করছেন। বৃদ্ধা মা দুলহান টুডু (৭৫) শুধু চেয়ে আছেন, কানে কম শোনেন। মিথু শিলাকের মাধ্যমে তিনি প্রথম আলোকে বলেন, ‘পাশেই ছিলাম, তবু কিছুই জানতে পারিনি। আমার মেয়েকে হত্যার করার পরও এমন বেইজ্জতি করল। এ ঘটনা যেন উদ্ঘাটিত হয়। আমি বেঁচে থাকতেই যেন শুনতে পাই ওই পাষাণ্ডদের উচিত শাস্তি হয়েছে।’ তিনি জানান, মাস খানেক আগেই মরিয়ম তাঁর কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে কেউ হত্যা করতে পারে। একই আশঙ্কা প্রকাশ করেছিলেন, মেয়ে কল্পনা মারান্ডির কাছেও। তবে এর কারণ জানতে চাইলে তা বলেননি বলে জানান কল্পনা। মরিয়ম হত্যা মামলার বাদী ছেলে উইলসন মারান্ডি বলেন, ‘কী এমন আক্রোশ মায়ের ওপর ছিল যে এমনভাবে তাঁকে বেইজ্জতি করল, এটা কিছুতেই ভাবতে পারছি না। আমি বিপন্নবোধ করছি।’ মিথু শিলাক মুর্মু প্রথম আলোকে বলেন, ‘সাওতাল নারীদের ওপর যখন অত্যাচার হয়, তখন তাঁরা গ্রাম ছাড়ে, দেশ ছাড়ে। ইলামিত্রের তেভাগা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন নিপীড়নের সময় এমন ঘটনা দেখা গেছে। আমার বোনের ওপর এ ঘটনার পর আমার ভাবনায় বারবার হানা দিচ্ছে, এ গ্রামের সঙ্গে সম্পর্ক রাখা কি আমার ঠিক হবে?’