মা ও মেয়েকে খুনের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসায় ঢুকে মা ও মেয়েকে খুনের ঘটনায় করা মামলায় এহাজারভুক্ত আসামি আবু রায়হান ও তাঁর সহযোগী শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকার গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম জানান, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল রাত ১২টার দিকে ফকিরাপুলের মুন স্টার হোটেল থেকে রায়হানকে গ্রেপ্তার করে। রায়হানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) রাত তিনটায় খুলশী এলাকার ক্রাউন হোটেলে অভিযান চালিয়ে ওই হোটেলের মালিকের গাড়ির চালক শহীদকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, আবু রায়হান মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি। শহীদ রায়হানের সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত সোমবার নগরের সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চারতলায় ভাড়া বাসায় সায়মা নাজনীন নিশাত (১৮) ও তাঁর মা রিজিয়া খাতুন (৫০) খুন হন। সায়মা আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনায় ওই রাতেই সায়মার বাবা রেজাউল করিম বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। মামলায় আবু রায়হানের নাম উল্লেখ করে ও অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করা হয়।

বাবুল আক্তার গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানান, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে সায়মার বাবা রেজাউল করিম ও ভাই সাইফ রেজা বাসা থেকে বের হয়ে যান। এরপর রায়হান ও শহীদ বাসায় ঢোকেন। এ সময় মা-মেয়ে চিত্কার করলে সাময়ার মুখ চেপে ধরেন রায়হান ও রিজিয়া খাতুনের মুখ চেয়ে ধরেন শহীদ। একপর্যায়ে তাঁরা ছুরি দিয়ে মা-মেয়েকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। শেষে রায়হান সায়মার পায়ের রগ কেটে দেন। রক্তে রায়হান ও শহীদের জামাকাপড় ভিজে গেলে তাঁরা জামাকাপড় খুলে সাইফ রেজার লুঙ্গি পরে বেরিয়ে যান।

বিয়ের প্রস্তাবে সায়মা রাজি না হওয়ায় তাঁকে রায়হান হত্যা করেছেন বলে পুলিশকে জানান।