মা ও মেয়ের মৃত্যু, গুরুতর দগ্ধ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ।  প্রথম আলো
কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন । প্রথম আলো

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় গতকাল শনিবার গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে মা ও মেয়ে মারা গেছেন। তাঁরা হলেন আকলিমা বেগম (৪২) ও জলি বেগম (২২)। একই ঘটনায় গুরুতর দগ্ধ জলির দেড় বছরের সন্তান আলিফ মিয়ার অবস্থাও আশঙ্কাজনক। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
বুড়িগঙ্গার দক্ষিণ পারে কেরানীগঞ্জ উপজেলায় এক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন গুরুতরভাবে দগ্ধ হওয়ার এক সপ্তাহ পরই উত্তরে এ ঘটনা ঘটল।
পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সিলিন্ডার বিস্ফোরণ নয়, বরং এর ফুটো দিয়ে আগে থেকেই ছড়িয়ে পড়া গ্যাস থেকে আগুন ধরে। রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
কামরাঙ্গীরচরের মজিবর ঘাট এলাকার এক বাসায় শিশুসন্তান আলিফ ও স্বামী রমজান মিয়াকে নিয়ে থাকেন জলি বেগম। স্বজনেরা জানান, গতকাল সকালে জলিদের দেখতে যান তাঁর মা আকলিমা। বেলা ১১টার দিকে তাঁরা রান্না করতে গেলে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে বাসার ভেতরে আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে আকলিমা ও রাত সাড়ে দশটার দিকে জলি মারা যান ।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আলিফের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আকলিমা ও তাঁর মেয়ে জলির শরীরের পুড়ে যাওয়া অংশ ছিল যথাক্রমে ৮৬ ও ৬৫ শতাংশ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজসহ আসবাব পুড়ে অঙ্গার হয়ে গেছে। প্রতিবেশীরা বলেন, বিকট একটি শব্দ হওয়ার পর ওই ঘরে আগুন লেগে যায়।
তবে ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশন অফিসার নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, কোনো বিকট শব্দের তথ্য পাওয়া যায়নি। সরেজমিনে দেখা গেছে, গ্যাস সিলিন্ডার অক্ষত। জিনিসপত্র পুড়ে যাওয়ার ধরন দেখে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের ফুটো দিয়ে আগেই গ্যাস বের হয়ে পুরো কক্ষে জমে ছিল।
গতকাল বেলা দেড়টার দিকে বার্ন ইউনিটে দেখা যায়, যন্ত্রণায় ছটফট করছেন আকলিমা। ‘পানি দে, পানি দে’ বলে চিৎকার করছিলেন তিনি। পাশের বিছানায় একইভাবে যন্ত্রণায় কাতর ছিলেন মেয়ে জলি। তাঁর ঠিক পাশের বিছানায় শিশু আলিফ মুখে অক্সিজেনের মাস্ক ও সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে অচেতন হয়ে শুয়ে ছিল।
আলিফের বাবা রমজান বলেন, বাসায় গ্যাসসংযোগ থাকলেও দিনে গ্যাস সরবরাহ থাকে না। তাই পাঁচ-ছয় মাস ধরে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছিল।
সিরাজগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ: নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ জানান, জেলার চৌহালী উপজেলায় গতকাল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
চৌহালী উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা জানান, প্রত্যন্ত বাউশা চরে স্বর্ণকার আনোয়ার ব্যাপারীর বাড়িতে গতকাল দুপুরে কাজ করার সময় হঠাৎ দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাড়ির পাঁচটি ঘরে আগুন লেগে যায়। দগ্ধ হন ঘরে থাকা আনোয়ার ব্যাপারী (৪০), তাঁর স্ত্রী রোজিনা খাতুন (৩৩) ও শিশুপুত্র আবদুল কাদের (৮)। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের পাঠানো হয় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোজিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আগুনে আসবাব, নগদ টাকা ও ফসল ছাড়াও প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে পরিবারটি জানিয়েছে।
এদিকে উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর। এ ঘটনায় দুটি গরুও মারা যায়। গ্রামের লোকজন জানান, বিকেলে সুলতান আলীর বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।