মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণি দক্ষিণপাড়া গ্রামে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে বাড়ির পাশের ধানখেত থেকে হাজেরা বেগম (৫৫) ও তাঁর মেয়ে নাসরিন আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, নাসরিনের শ্বশুরবাড়ির লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। জানা গেছে, বর্ণি দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী হাজেরা বেগম তাঁর এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। আরেক ছেলে ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন। চার মেয়ের সবার বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে নাসরিন আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিন মাস আগে নাসরিন বাবার বাড়িতে চলে আসেন।নিহত হাজেরা বেগমের ছোট ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরে মাকে ডাকতে যাই। দরজার কাছে গিয়ে দেখি, বাইরে থেকে দরজায় শিকল লাগানো। ঘরে ঢুকে দেখি, মা ও আপা নেই। তাঁদের খুঁজতে গিয়ে দেখি, পাশের ধানখেতে মা ও আপার লাশ পড়ে আছে।’ তিনি অভিযোগ করেন, তাঁর বোনের স্বামী সিরাজুল ইসলাম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ওসি বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ হত্যাকাণ্ড রহস্যজনক। সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।