মা ও শিশু হত্যার ঘটনায় মামলা দায়ের
কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকার গৃহবধূ নাসিমা আক্তার ও তাঁর এক বছরের ছেলে মো. নাফিস হত্যার ঘটনায় স্বামী নাজমুল হাসানকে একমাত্র এজাহারনামীয় আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
নিহত গৃহবধূর বাবা কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা দেওরা গ্রামের খলিলুর রহমান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। গতকাল সোমবার সকালে মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর থেকে নাজমুল পলাতক। তাঁর বাড়ি জেলার চান্দিনা উপজেলার বরকইট গ্রামে। তিনি ওই গ্রামের মাওলানা আবদুল মতিনের ছেলে। বেকারত্ব ও পারিবারিক কলহের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গৃহবধূর বাবা অভিযোগ করেছেন।
মামলার এজাহার সূত্রে ও খলিলুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে নাসিমা আক্তারের সঙ্গে চান্দিনা উপজেলার বরকইট গ্রামের মাওলানা আবদুল মতিনের ছেলে নাজমুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে নাজমুল হাসান প্রায়ই বেকার থাকতেন। মাঝেমধ্যে দিনমজুরের কাজ করতেন। ৭ আগস্ট তাঁরা কুমিল্লা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার ১ নম্বর সেকশনের ডি ব্লকের ৭ নম্বর বাসায় সাবলেট হিসেবে ওঠেন। এরপর তিনি একই এলাকার ১ নম্বর বাড়িতে অবস্থিত মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেডে দারোয়ানের চাকরি নেন। ১২ আগস্ট সকালে নাসিমা ও নাজমুলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। রাতে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন নাজমুল। ১৩ আগস্ট নাজমুলকে না পেয়ে অফিসের কর্মকর্তারা বিকল্প চাবি দিয়ে অফিস খোলেন। ১৪ আগস্ট বিকেলে অফিস পরিষ্কার করতে গিয়ে অফিসের পেছনে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা পাওয়া যায়। সন্ধ্যা সাতটায় পুলিশ এসে ট্যাংকের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করে।