মা ও শিশুকন্যা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে (মাস্টারপাড়া) জামাল সওদাগরের বাড়িতে দুর্বৃত্তরা ছররা গুলি ছুড়লে তাঁর স্ত্রী ও শিশুকন্যা গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মা ও মেয়ে হলেন জোবেদা ইয়াছমিন (৩২) ও তাঁর মেয়ে তাছনুরা আক্তার (৭)। গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুছ ছালাম। তিনি প্রথম আলোকে বলেন, জোবেদা ইয়াছমিনের হাতে ও তাঁর মেয়ের মাথায় গুলি লেগেছে। অবস্থা দেখে মনে হচ্ছে এগুলো ছররা গুলি। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত। বিদ্ধ হওয়া গুলি বের করার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, তাঁর সঙ্গে কারও ঝগড়া-বিবাদ নেই। যতটুকু শুনেছেন দুর্বৃত্তরা একে অন্যকে গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর স্ত্রী-কন্যার গায়ে লাগে। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে অবগত নন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান।