মা ও শিশুকে অ্যাসিড নিক্ষেপের দায়ে যাবজ্জীবন দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থানার রায়েরবাগের জনতাবাগ এলাকার তানিয়া ও তাঁর শিশুপুত্রকে অ্যাসিড মারার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত আসামি মিলন হাওলাদারকে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।গতকাল সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেসমিন আরা বেগম এই আদেশ দেন। রায়ে বলা হয়, আসামি মিলন হাওলাদার রাজধানীর শ্যামপুর থানার রায়েরবাগের জনতাবাগ এলাকার তানিয়াকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তানিয়া তা প্রত্যাখ্যান করেন। ২০০৮ সালের ১১ এপ্রিল আসামি মিলন হাওলাদার মুঠোফোনে তানিয়াকে বাসার গেটে দাঁড়াতে বলেন। তানিয়া তাঁর শিশুপুত্র আলিফাকে কোলে নিয়ে গেটের সামনে আসেন। এ সময় আসামি মিলন হাওলাদার অ্যাসিড ছুড়ে মারেন। এতে তানিয়া ও তাঁর পুত্র আলিফের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তানিয়ার বাঁ চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে শ্যামপুর থানায় মামলা করা হয়। তানিয়ার পক্ষে মামলা পরিচালনা করেন মহিলা পরিষদের প্যানেল আইনজীবী এস এম এ সবুর।